মোটরসাইকেলে ঈদযাত্রায় দূরপথে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
This page was last updated on 25-May-2026 06:57pm , By Badhan Roy
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ব্যস্ততা এখন তুঙ্গ। বাস বা ট্রেনের অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই বেশ কয়েক বছর ধরে বেছে নিচ্ছেন মোটরসাইকেল। সময় বাঁচানো ও সহজ যাতায়াতের কারণে ঈদের সময় দূরপথে মোটরসাইকেল ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠলেও সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ঈদে বাড়ি ফেরার আগে কিছু বিষয়ে বাড়তি সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞ রাইডাররা।


মোটরসাইকেলে ঈদযাত্রায় দূরপথে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
যাত্রার আগে বাইকের বেসিক চেকআপ করুন
লং রাইডে বের হওয়ার আগে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষা করে নেওয়া জরুরি। বিশেষ করে ব্রেক, টায়ার, চেইন, ব্যাটারি ও লাইটিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত হওয়া প্রয়োজন। অনেক সময় ছোটখাটো যান্ত্রিক ত্রুটিও মাঝপথে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই সম্ভব হলে যাত্রার আগে একটি বেসিক সার্ভিসিং করিয়ে নেওয়াই ভালো। প্রয়োজন হলে ইঞ্জিন অয়েলও পরিবর্তন করা যেতে পারে। এরপরের টুকটাক সমস্যা অনূভুত হলে বিভিন্ন বাইক ব্র্যান্ড এবং বাইকিং কম্যুনিটির উদ্যোগে হাইওয়ে তে বিশেষ ঈদ সার্ভিস ক্যাম্প স্থাপন করা হয় তাদের সহায়তা নেওয়া যেতে পারে।
অতিরিক্ত মালপত্র বহনে সতর্ক থাকুন
ঈদের সময় বাড়ি ফেরার পথে অনেকেই মোটরসাইকেলে অতিরিক্ত ব্যাগ বা লাগেজ বহন করেন। তবে ভুলভাবে মালপত্র বহন করলে বাইকের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে এক পাশে বেশি ওজন দিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। ব্যাগ এমনভাবে বাঁধতে হবে যেন চলন্ত অবস্থায় সেটি নড়াচড়া না করে এবং পেছনের আরোহী থাকলে বসতে সমস্যা না হয়।
সেফটি গিয়ার ব্যবহার
মোটরসাইকেল চালানোর সময় সেফটি গিয়ার ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। ভালো মানের ফুল-ফেস সার্টিফাইড হেলমেট, গ্লাভস ও প্রয়োজনীয় রাইডিং গিয়ার দুর্ঘটনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি কমাতে সাহায্য করে। শুধু চালকের জন্য নয় বরং পেছনের আরোহীর জন্যও সার্টিফাইড হেলমেট নিশ্চিত করা জরুরি।

অতিরিক্ত গতি এড়িয়ে চলুন
ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। তাই দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা না করে ধৈর্য্য ধরে চলার পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞ রাইডাররা। অতিরিক্ত গতি, হঠাৎ লেন পরিবর্তন কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। রাস্তায় অন্য যানবাহনের গতিবিধিও সবসময় খেয়াল রাখতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং ট্রাফিক নিয়ম মেনে চলাই নিরাপদে বাড়ি ফেরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্যই প্রবাদে আছে, কখনো বাড়ি না ফেরার থেকে দেরি করে ফেরা ভালো।
লং রাইডে পর্যাপ্ত বিরতি নেওয়া প্রয়োজন
টানা দীর্ঘ সময় মোটরসাইকেল চালালে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মনোযোগ কমে যেতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শরীর খারাপ অনুভূত হলে তাৎক্ষণিক্ক বিশ্রাম নেওয়া জরুরি। চোখে ঘুম নিয়ে মোটরসাইকেল সহ যে কোন যাননাহন চালানো কখনোই নিরাপদ নয়।
ঈদযাত্রা আনন্দের হলেও নিরাপত্তার বিষয়টি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। কারন একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। উৎসবের এই মূহুর্তে কোন প্রকার দূর্ঘটনা যেন বেদনা ও শোকের কারন না হয় এবং সবাই নিরাপদে যাতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন আমরা সেটাই প্রত্যাশা করি।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!