খুব সহজেই ঢাকায় AI ট্রাফিক ক্যামেরার মামলা ও জরিমানা এড়িয়ে চলতে পারবেন যেভাবে
This page was last updated on 18-May-2026 03:43pm , By Badhan Roy
সম্প্রতি ঢাকার সড়কে ধীরে ধীরে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা। আগে ট্রাফিক আইনের শনাক্ত ও প্রয়োগ করতে মূলত পুলিশের উপস্থিতি বা চেকপোস্টের ওপর নির্ভর করতে হতো। ট্রাফিক সিগন্যাল, গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে বসানো এসব ক্যামেরা শুধু ভিডিও ধারণই করছে না, বরং তা বিশ্লেষণ করে আইন ভঙ্গ শনাক্তও করছে।
ইতিমধ্যেই ৩০০+ স্বয়ংক্রিয় মামলা এই সিস্টেম থেকে করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ আমরা জানবো কিভাবে খুব সহজেই ঢাকার এসব AI ক্যামেরার মামলা ও জরিমানা এড়িয়ে চলা সম্ভব।


কীভাবে কাজ করছে এই AI ক্যামেরা?
এই সিস্টেম মূলত তিনটি ধাপে কাজ করে। স্থাপিত ক্যামেরা গুলো ২৪ ঘন্টাই সড়কের ভিডিও ধারণ করে। এরপর AI সফটওয়্যার বা টুলস সেই ভিডিও বিশ্লেষণ করে যানবাহনের ধরন ও তাদের গতিবিধি আলাদা করে চিহ্নিত করে। এই সিস্টেমে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস বা ট্রাক সবকিছুই আলাদা করে শনাক্ত করা সম্ভব।
এরপর আগে থেকে ট্রেইন করে রাখা AI দ্বারা ট্রাফিক আইনের সঙ্গে যানবাহনের গতিবিধির তুলনা করা হয়। লাল বাতি অমান্য করা, উল্টো পথে যাতায়াত, জেব্রা ক্রসিং এর স্টপ লাইনের বাইরে থামা বা হেলমেট না পরা ইত্যাদি কোনো নিয়ম ভঙ্গ হলে সেটিকে আলাদা করে চিহ্নিত করে রাখা হয়।
পরবর্তী ধাপ হিসেবে নাম্বার প্লেট শনাক্ত করা হয়। এই প্রযুক্তিকে বলা হয় ANPR বা Automatic Number Plate Recognition। এটি নম্বর প্লেট পড়ে গাড়ির মালিকের তথ্য বের করতে সাহায্য করে। অনেকে মনে করেন RFID ট্যাগ যুক্ত ডিজিটাল নাম্বার প্লেট না থাকলে এই শনাক্তকরণ সম্ভব না যা আসলে ভুল ধারনা।

জরিমানা কীভাবে করা হচ্ছে?
ট্রাফিক আইন ভঙ্গ হয়েছে শনাক্ত হওয়ার পর পুরো ঘটনাটির একটি ডিজিটাল রেকর্ড তৈরি হয়। এই রেকর্ডে থাকে ছবি, ভিডিও, আইন ভঙ্গের সময় ও স্থান এবং যানবাহনের তথ্য। এই তথ্য বিআরটিএ এর সংশ্লিষ্ট ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে একটি ই-প্রসিকিউশন তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে এটি সরাসরি সিস্টেমে তৈরি হলেও চূড়ান্ত অনুমোদনে ট্রাফিক পুলিশের ভূমিকা থাকে।
পরবর্তীতে গাড়ির মালিককে শনাক্ত করে মোবাইলে এসএমএস পাঠানো হয়ে থাকে। সেখানে উল্লেখ থাকে কী ধরনের আইন ভঙ্গ হয়েছে, কোথায় হয়েছে এবং কত টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন অনুসারে নির্ধারিত থানায় বা ট্রাফিক অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ ও অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে। অনলাইন পেমেন্ট বা নির্ধারিত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মামলার জরিমানা পরিশোধ করা যায়।

যেভাবে AI মামলা ও জরিমানা এড়ানো সম্ভব
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি কার্যকর হতে শুরু করায় চালকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলা। কিছু সাধারণ জিনিস অনুসরণ করলে মামলা ও জরিমানা থেকে রেহাই পাওয়া সম্ভব-
১) সাধারণত আমরা লাল বাতিতে থেমে যাওয়ার বিষয়ে সচেতন না, এবং অনেকেই চেষ্টা করি সিগনাল থাকার পরেও ট্রাফিক পুলিশের চোখ ফাকি দিয়ে সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার। এই বিষয়ে সতর্ক থেকে সিগন্যাল অমান্য না করলেই মামলা ও জরিমানা এড়ানো সম্ভব।
২) অনেকেই বুঝে বা না বুঝে জেব্রা ক্রসিং এর স্টপ লাইন পার হয়ে দাড়াই বা জেব্রা ক্রসিং এর উপর দাড়াই। এটাও আইনত দন্ডনীয় একটি অপরাধ। স্টপ লাইন খেয়াল করে সিগন্যালে দাড়ালে মামলা ও জরিমানা এড়ানো সম্ভব।
৩) আমরা অনেকেই ইউটার্নের জন্য নির্দিষ্ট এলাকা না ঘুরে উল্টো পথে চালিয়ে থাকি। যার কারনে তীব্র যানজট এবং দূর্ঘটনা ঘটে থাকে। অনেকাংশে পুলিশের কাছে ধরা পড়লে আমরা অজুহাত দেওয়ার চেষ্টা করি। যেহেতু AI ক্যামেরায় অজুহাত প্রদর্শনের সুযোগ নেই সুতরাং উলটো পথে আসা থেকে বিরত থাকাই আমাদের মামলা ও জরিমানার হাত থেকে বাচাতে পারে।
৪) হেলমেট ব্যবহার করা এবং লেন শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার জন্য। AI ক্যামেরা গুলোকে সেভাবেই ট্রেইন করা হয়েছে যাতে হেলমেট বিহীন রাইডার ও পিলিয়ন শনাক্ত করতে পারে। পাশাপাশি লেন ভায়োলেশন করলেও স্বয়ংক্রিয় ভাবে অপরাধ হিসেবে ধরে নিবে। তাই হেলমেট ব্যবহার ও লেন ভায়োলেশন না করলে মামলা থেকে সহজেই বাঁচা যাবে।
৫) উন্নত বিশ্বের AI ক্যামেরা গুলো হাইড্রলিক হর্ণ এবং উচ্চ শব্দের হলারের আওয়াজ পর্যন্ত রেকর্ড এবং অ্যানালাইসিস করতে সক্ষম। যদিও এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই বাংলাদেশে এত উন্নত AI প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে কিনা, তবুও সড়কে শৃঙ্ক্ষলার সার্থে এই বিষয়গুলো পরিহার করলে মামলা ও জরিমানা এড়ানো সম্ভব।
পরিশেষে বলা যায়, ঢাকার সড়কে AI ক্যামেরা দ্বারা নজরদারি একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রযুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বয়ংক্রিয় ব্যবস্থা আরও বিস্তৃত হচ্ছে। ফলে ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সকলের প্রতি অনুরোধ- শুধুমাত্র মামলার ভয়ে অথবা কে আইন মানছে কে মানছে না এই ধরনের অজুহাত পরিহার করে নিজে সচেতন হোন এবং অপরকে সচেতন করুন।
আমাদের সকলের সচেতনতাই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে যানজট ও দূর্ঘটনার হার কমিয়ে নিরাপদ সড়ক তৈরি করতে।