স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্টবাইক - কোনটি কেনা উচিত - কোনটি ভাল?
This page was last updated on 11-May-2026 05:47pm , By Saleh Bangla
স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইক দুটি ব্যাপক পরিচিত ক্যাটাগরীর মোটরসাইকেল, যা তাদের হাই-পারফর্মেন্স, এক্সট্রিম ক্যাপাবিলিটি, ও নজরকাড়া স্টাইলিশ ডিজাইনের জন্য অত্যন্ত জনপ্রিয়। ফলে, মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নেবার সময় যখন আসে তখন আমাপদের অনেকেই, বিশেষ করে যারা নতুন রাইডার তারা স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইকের মধ্যে কোনটি নেবেন সেই বিভ্রান্তিতে পড়েন।
তবে একথাও অস্বীকার করার উপায় নেই যে, মোটরসাইক্লিংয়ে বহুবছর অতিবাহিত করা একজন রাইডারও সেই সিদ্ধান্ত নেবার সময় প্রায়ই বিভ্রান্তিতে পড়েন, স্পোর্টবাইক নাকি নেকেড স্পোর্টবাইক নেবেন। তো দুটো ক্যাটাগরীর বাইকেরই নিজস্ব কিছু সবল ও দুর্বল দিক রয়েছে। তো চলুন সেই সুবিধা ও অসুবিধা বিচারে স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইকের মধ্যে কোনটি কার বেছে নেয়া উচিৎ তা বের করার চেষ্টা করি।


স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্টবাইক
স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইক হলো মোটরসাইক্লিংয়ের জগতে দুটি অত্যন্ত জনপ্রিয় ধরনের মোটরসাইকেল। মূলত: এসব ক্যাটাগরীর মোটরসাইকেলগুলোতেই এ্যাডভান্সড লেভেলের ফিচার ও আপডেটেড টেকনলোজির সমাহার ঘটে। তাই মোটরসাইকেল কেনার ক্ষেত্রে রাইডাররা প্রথমেই এসব ক্যাটাগরির দিকেই বেশি ঝুকেন।
তবে কোনো মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সার্বিকভাবে একজন রাইডারের রাইডিং টেষ্ট, বাজেট, এবং ব্যক্তিগত পছন্দসহ আরো বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। মূলত: সেসবের সাপেক্ষেই বেছে নেবার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। তো যাইহোক, উভয় ক্যাটাগরির মোটরসাইকেলেরই ভালো-মন্দ রয়েছে। সেসব সম্পর্কে পরিস্কার ধারনাই একজনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। সুতরাং, এখানে সেগুলির কিছুটা ধারনা দেওয়া হলো।
স্পোর্টবাইক কি?
স্পোর্টবাইক হলো মূলত: এক ধরনের হাই-পারফর্মেন্স মোটরসাইকেল, যা বিশেষভাবে হাই-স্পিড ও কুইক এক্সিলারেশনের জন্য ডিজাইন করা হয়। এই মোটরসাইকেলগুলি ট্র্যাক-রেসিং পারফরম্যান্স ফোকাস করে তৈরি করা হয় এবং এগুলিতে ফুল-ফেয়ারড ও অ্যারোডাইনামিক বডি-ডিজাইন থাকে। ফলে হাইস্পিডে এসব মোটরসাইকেলে এয়ার-ড্র্যাগ যেমন কম হয় তেমনি এক্সট্রিম রাইডিং কন্ডিশনেও এসব অত্যন্ত স্থিতিশীল থাকে।

সাধারনভাবে স্পোর্টবাইকগুলি তাদের এ্যাগ্রেসিভ রাইডিং পজিশনের জন্য পরিচিত, যা একজন রাইডারকে মোটরসাইকেল চালানোর সময় ফুয়েল ট্যাঙ্কের উভয় দিকে হাঁটু চেপে ধরা অবস্থায় ট্যাঙ্কের উপর হেলে সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় রাখে। রাইডারের এই অবস্থানটি রাইডিংয়ে অ্যারোডাইনামিকস যেমন নিশ্চিত করে তেমনি রাইডারকে হাই-স্পিডে বাঁক নেয়া এবং কর্নার নিতেও সাহায্য করে। যাইহোক, একটু অস্বস্তিকর হলেও স্পোর্টবাইক রাইডিং যে বেশ স্টাইলিশ তাতে কোন সন্দেহ নেই।
নেকেড স্পোর্টবাইক কি?
নেকেড স্পোর্টবাইকও এক ধরণের হাই-পারফর্মেন্স মোটরসাইকেল, যার অভ্যন্তরীণ কাঠামো, গঠন, ও ফিচারে ফুল-ফেয়ারড স্পোর্টবাইকের সাথে বেশ মিল রয়েছে। তবে নেকেড স্পোর্টবাইকগুলি আরামদায়ক আপরাইট রাইডিং ও কন্ট্রোলিং ফিচার, এবং অত্যন্ত সংক্ষিপ্ত ও নেকেড বডি-ফেয়ারিং নিয়ে আসে।
ফলে নেকেড স্পোর্টবাইকগুলিতে মিনিমালিষ্টিক ডিজাইন, নেকেড এক্সটেরিয়র, ও বিকিনি বডি-প্যানেল থাকে। সেইসাথে এসবের সিটিং ও রাইডিং পজিশনও হয় বেশ রিল্যাক্সড। আর যদিও এসব মোটরসাইকেল হাই-পারফর্মেন্স ফিচার ও টেকনলোজি নিয়ে আসে, তবুও তাদের আরামদায়ক আপরাইট ইরগনোমিক্সের কারণে এসব মোটরসাইকেল প্রতিদিনের রাইডের সাথে সাথে লং-রাইডেও সমান উপযুক্ত।
স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইকের মধ্যে গুনগত পার্থক্য
স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইকের মধ্যে গুনগত পার্থক্য অলোচনার ক্ষেত্রে, প্রথমেই তাদের বাহ্যিক ডিজাইন ও বডিওয়ার্কের বিষয়টি সামনে আসে। স্পোর্টবাইকগুলিতে যেমন একটি ফুল-ফেয়ার্ড এবং এ্যারোডাইনামিক বডি ডিজাইন থাকে, যাতে মোটরসাইকেলের পুরো বডিটাই প্রচুর এক্সটেরিয়র প্যানেলে আবৃত থাকে।
অন্যদিকে, নেকেড স্পোর্টবাইকগুলিতে সাধারণত সামান্য বডি-প্যানেল থাকে যাতে স্পোর্টবাইকের মতো ফুল-ফেয়ারিং একদমই অনুপস্থিত থাকে। তাই এসব মোটরসাইকেলের মেশিনারি নেকেড অবস্থায় বেশ মিনিমালিস্টিক ডিজাইন নিয়ে থাকে। ফলে নেকেড স্পোর্টবাইকগুলি রেসিং স্পোর্টবাইকের মতো এ্যারোডাইনামিক না হলেও এগুলি যথেষ্ট হালকা এবং অত্যন্ত চটপটে ধরণের হয়ে থাকে।
দ্বিতীয়ত, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইকের মধ্যে একটি উল্লেখযোগ্য ও গুরুতর পার্থক্য হলো তাদের রাইডিং পজিশন এবং সামগ্রিক ইরগনোমিক্সের। স্পোর্টবাইকগুলিতে একটি অত্যন্ত এ্যাগ্রেসিভ সিটিং ও রাইডিং পজিশন থাকে, যা একজন রাইডারকে অত্যন্ত এ্যাগ্রেসিভ মোডে সামনের দিকে ঝুঁকে বসতে ও চালাতে বাধ্য করে।
রাইডারের এই অবস্থানটি হাই-স্পিড ট্র্যাক রাইডিংয়ের জন্য দুর্দান্ত হলেও দীর্ঘ সময়ের রাইডে তো বটেই সাধারণ প্রাত্যহিক রাইডেও এটি অবশ্যই অত্যন্ত অস্বস্তিকর। এর ফলে অনেকেই তাদের পিঠে, কোমরে, ও হাতে ব্যথা বা অন্যান্য শারিরিক অস্বস্তি অনুভব করতে পারেন। অপরদিকে, নেকেড স্পোর্টবাইকগুলিতে আরামদায়ক আপরাইটি রাইডিং ইরগনোমিক্স থাকায় তা লং-রাইডে খুবই ভালো সাপোর্ট দেয় এবং দৈনন্দিন জীবনের রাইডগুলোকেও অত্যন্ত উপভোগ্যে করে তোলে।
স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্টবাইক - কোনটি কেনা উচিত - কোনটি ভাল?
তো সাধারণ আলোচনার পর আবারো প্রশ্ন আসে, স্পোর্টবাইক নাকি নেকেড স্পোর্টবাইক, কোনটি কেনা উচিত? কোনটা ভালো? এই প্রশ্নের উত্তর বের করা এখন বেশ সহজ। কেননা, আপনি ইতিমধ্যে তাদের গুনগত বৈশিষ্ট্যগুলি জানেন এবং স্পষ্টত:ই আপনি এখন আরো্ ভালো জানেন যে, কোন বাইকটি আপনার রাইডিং টেষ্ট, প্যাটার্ণ, ও পছন্দের সাথে বেশি মিলে।
সুতরাং, আপনি যদি একটি হাই-পারফরম্যান্স মোটরসাইকেল চান, যেটি কেবল হাই-স্পিড ও এক্সিলারেশনের জন্য ডেডিকেটেড, তাহলে ফুল-ফেয়ার্ড স্পোর্টবাইকই আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। কিন্তু, আপনি যদি এমন একটি মোটরসাইকেল চান, যা হাই-পারফরম্যান্স দেবার সাথে সাথে দৈনন্দিন জীবনের বহুমূখী ব্যবহারে সহায়ক হবে, এবং উইকএন্ড লং-রাইডের জন্যও আরামদায়ক হবে, তাহলে একটি নেকেড স্পোর্টবাইক অবশ্যই আপনার পছন্দ হওয়া উচিৎ।
তবে সবশেষে পছন্দ আপনার। তাই কোনো মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার রাইডিং স্টাইল, রাইডিং ফ্রিকোয়েন্সি, আপনার কম্ফোর্ট রিকয়ারমেন্ট বোঝার সাথে সাথে আপনি যে ধরনের রাস্তায় সচরাচর রাইড করেন তা বিবেচনা করুন। যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্টবাইক উভয়েরই বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তাই কেনার আগে আপনার তালিকার সব বাইকেরই টেষ্টরাইড দেবার চেষ্টা করুন। এটি আপনাকে অনেক সাহায্য করবে, ধন্যবাদ।