বর্ষাকালে মোটরসাইকেল চালানোর সময় যেসব নিরাপত্তা বিষয় মাথায় রাখা জরুরি

This page was last updated on 13-Jun-2026 11:32am , By Badhan Roy

বর্ষাকালে মোটরসাইকেল চালানো যেমন আরামদায়ক তেমনি যথেষ্ট ঝুঁকিপূর্ণও। ভেজা ও পিচ্ছিল রাস্তা, কম ভিজিবিলিটি এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তন— সব মিলিয়ে এ সময় দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সামান্য অসচেতনতাও এসময় বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই বর্ষায় নিরাপদ রাইড নিশ্চিত করতে কিছু মৌলিক নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি।


ভেজা রাস্তায় বাড়তি সতর্কতা জরুরি

বৃষ্টির সময় রাস্তার ওপর পানি জমে গেলে টায়ারের গ্রিপ কমে যায়। ফলে ব্রেক করলে বা হঠাৎ টার্ন নিলে স্লিপ করার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় অতিরিক্ত গতি পরিহার করে ধীরগতিতে চালানো এবং সামনে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা নিরাপদ রাইডিংয়ের অন্যতম শর্ত।

রেইন গিয়ার ব্যবহার না করলে বাড়ে অস্বস্তি ও ঝুঁকি

বৃষ্টিতে ভিজে গেলে রাইডারের স্যাতস্যাতে অনুভূতি হয়, এতে মনোযোগ কমে যায় যা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই রেইনকোট অথবা ওয়াটারপ্রুফ রেইন জ্যাকেট, প্যান্ট এবং রেইন শু কভার ব্যবহার করা উচিত। বিশেষ করে জুতা ভিজে গেলে ব্রেক বা গিয়ার পরিবর্তনের সময় পা পিছলে যাওয়ার ঝুঁকি থাকে।

হেলমেটের ভাইসর পরিষ্কার ও অ্যান্টি-ফগ সুবিধা জরুরি

বর্ষায় হেলমেটের ভাইসরে কুয়াশা বা পানির ফোঁটা জমে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়। এতে সামনে রাস্তা ঠিকভাবে দেখা যায় না। তাই অ্যান্টি-ফগ সুবিধাযুক্ত হেলমেট ব্যবহার করা বা পিনলক শিল্ড ব্যবহার করা নিরাপদ। পাশাপাশি ভাইসর নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।


সেফটি গিয়ার উপেক্ষা করা ঠিক নয়

অনেক মোটরসাইকেল রাইডার বৃষ্টির দিনে কেবলমাত্র রেইনকোট পরেন কিন্তু সেফটি গিয়ার এড়িয়ে যান যা বিপজ্জনক। দুর্ঘটনার সময় ভালো মানের রাইডিং জ্যাকেট, গ্লাভস, নি-গার্ড এবং বডি প্রোটেকশন বড় ধরনের আঘাত থেকে রক্ষা করতে পারে।

টায়ার ও ব্রেকের অবস্থা নিয়মিত পরীক্ষা করুন

বর্ষায় মোটরসাইকেলের টায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রেড ক্ষয় হয়ে গেলে বা গ্রিপ কমে গেলে দ্রুত পরিবর্তন করা উচিত। একই সঙ্গে ব্রেক ঠিকভাবে কাজ করছে কি না তা নিয়মিত পরীক্ষা করা জরুরি।

লাইট ও ইন্ডিকেটর সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ

বৃষ্টির দিনে ভিজিবিলিটি কমে যায়। তাই হেডলাইট, ব্রেকলাইট, টেইললাইট ও ইন্ডিকেটর ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করা দরকার। এতে অন্য যানবাহনের চালকরা সহজেই অবস্থান বুঝতে পারেন।

বাইকের সুরক্ষায় ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন

দীর্ঘ সময় বাইরে পার্ক করা মোটরসাইকেল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে মরিচা ধরার পাশাপাশি রং ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাই ওয়াটারপ্রুফ বাইক কভার ব্যবহার করা নিরাপদ সমাধান।

মোট কথা, বর্ষাকালে নিরাপদ রাইডিংয়ের মূল চাবিকাঠি হলো ধৈর্য, সচেতনতা এবং সঠিক  সরঞ্জাম ব্যবহার। সামান্য সতর্কতাই বড় দুর্ঘটনা থেকে বর্ষাকালে একজন রাইডার কে রক্ষা করতে পারে।