জলাবদ্ধ এলাকায় ইলেকট্রিক বাইক ব্যবহার করা যাবে কি?

This page was last updated on 13-Apr-2026 11:37am , By Rafi Kabir

বর্ষাকাল আসলেই আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা হয় তা সবারই জানা। একটু ভারী বৃষ্টি হলেই রাস্তার অনেক জায়গায় পানি জমে যায়। যারা নতুন ইলেকট্রিক বাইক কিনেছেন বা কেনার কথা ভাবছেন তাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘোরে তা হলো এই জমানো পানিতে কি ইলেকট্রিক বাইক চালানো ঠিক হবে। অনেকেই ভাবেন বাইক তো ওয়াটারপ্রুফ তাই পানিতে নামালে হয়তো কিছুই হবে না। চলুন আজ এই ভুল ধারণাটা একটু ভেঙে দেই এবং জেনে নেই জমানো পানিতে ই বাইক চালালে আসলে কী হতে পারে।


ওয়াটারপ্রুফ আর ওয়াটার রেজিস্ট্যান্ট এক জিনিস নয়

প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার। বেশিরভাগ কোম্পানি তাদের ইলেকট্রিক বাইককে পানি নিরোধক বলে দাবি করে এবং এগুলোতে ভালো আইপি রেটিং দেওয়া থাকে। এর মানে হলো বৃষ্টির পানি বা কাদা ছিটে লাগলে বাইকের ভেতরের যন্ত্রপাতির কোনো ক্ষতি হবে না। কিন্তু এর মানে এই নয় যে বাইকটাকে পুকুর বা জমানো রাস্তার গভীর পানিতে ডুবিয়ে চালানো যাবে। আপনার ইলেকট্রিক বাইক কোনোভাবেই সাবমেরিন নয়।


হাব মোটরের সবচেয়ে বড় বিপদ

ইলেকট্রিক স্কুটার বা বাইকের মূল চালিকাশক্তি হলো এর মোটর যা সাধারণত পেছনের চাকায় বসানো থাকে। রাস্তায় জমে থাকা পানি যদি চাকার অর্ধেক অর্থাৎ মোটরের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যায় তবে বিপদ প্রায় নিশ্চিত। বেশিক্ষণ জমানো পানির নিচে থাকলে মোটরের সিলিং ভেদ করে পানি ভেতরে ঢুকে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। মোটরের ভেতরে পানি গেলে কয়েল পুড়ে যেতে পারে বা জং ধরে পুরো মোটরটাই বাতিল হয়ে যেতে পারে। আর একটা মোটর বদলানো মানে আপনার বড়সড় একটা আর্থিক ক্ষতি হওয়া।


ব্যাটারি এবং শর্ট সার্কিটের ঝুঁকি

অনেক ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি পায়ের নিচে বা ফ্লোরবোর্ডে দেওয়া থাকে। জমানো পানিতে নামলে খুব সহজেই ফ্লোরবোর্ড পর্যন্ত পানি চলে আসে। যদিও ব্যাটারি বক্স খুব ভালোভাবে সিল করা থাকে কিন্তু গভীর পানির চাপে সেখান দিয়ে পানি ঢোকার একটা ঝুঁকি থেকেই যায়। ব্যাটারিতে একবার পানি ঢুকলে শর্ট সার্কিট হয়ে বাইকের পুরো ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে যা মেরামত করা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ।


কন্ট্রোলার এবং সেন্সরের সমস্যা

ইলেকট্রিক বাইকে অনেক ধরনের সূক্ষ্ম সেন্সর আর তারের জয়েন্ট থাকে। জমানো পানির ভেতর দিয়ে জোড়ে যাওয়ার সময় এসব জায়গায় পানি ঢুকে গেলে বাইকের সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে। তখন অনেক সময় ডিসপ্লেতে ভুল তথ্য দেখায় বা বাইক হঠাৎ করে রাস্তার মাঝেই পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইকের ব্রেন হিসেবে পরিচিত কন্ট্রোলারে পানি গেলে সেটিও একেবারে নষ্ট হয়ে যাওয়ার বেশ ভালো ঝুঁকি থাকে।


জলাবদ্ধ রাস্তায় আটকে গেলে কী করবেন

কোনো কারণে যদি এমন রাস্তায় গিয়ে পড়েন যেখানে সামনে প্রচুর জমানো পানি আর আপনার ফেরার কোনো উপায় নেই তখন ভুলেও বাইক চালিয়ে পানির ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বাইকের পাওয়ার বা চাবি সাথে সাথে পুরোপুরি বন্ধ করে দিন। এরপর বাইকটি হাত দিয়ে ঠেলে খুব সাবধানে জমানো পানি পার করুন। পানি থেকে ওঠার পর সাথে সাথে বাইক চালু করবেন না বা চার্জে দেবেন না। বাইকের ভেতরের অংশ সম্পূর্ণ শুকানোর পর তারপর স্টার্ট করার চেষ্টা করুন।


সবশেষে একটা কথাই বলা যায় যে জমানো বা গভীর পানিতে ইলেকট্রিক বাইক নামানো একদমই বুদ্ধিমানের কাজ নয়। সাধারণ বৃষ্টিতে রাস্তায় চললে এর কোনো সমস্যা নেই কিন্তু জলাবদ্ধ এলাকাগুলো সবসময় এড়িয়ে চলাই হবে আপনার বাইকের জন্য সবচেয়ে নিরাপদ। একটু সতর্কতা মেনে রাস্তায় চললে আপনার ইলেকট্রিক বাইকটি বছরের পর বছর আপনাকে দারুণ আর ঝামেলাবিহীন সার্ভিস দিয়ে যাবে।