ইলেকট্রিক বাইক বনাম পেট্রোল খরচ: মাসিক তুলনা

This page was last updated on 13-Apr-2026 02:23pm , By Rafi Kabir

ইলেকট্রিক বাইক বনাম পেট্রোল খরচ এক মাসের বাস্তব হিসাব

বাইক কেনার আগে এখন সবার একটাই চিন্তা থাকে যে তেলের দাম যা বাড়ছে তাতে বাইক চালানো পোষাবে তো। আজকাল রাস্তায় বের হলেই তেলের পাম্পের মিটার দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। ঠিক এই সময়ে অনেকেই বিকল্প হিসেবে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন। কিন্তু সত্যি কি ইলেকট্রিক বাইক তেলের বাইকের চেয়ে এতটা সাশ্রয়ী। চলুন আজ একটু খাতা কলম নিয়ে এক মাসের খরচের একটা বাস্তব হিসাব কষে দেখি।


পেট্রোল বাইকের মাসিক খরচের খতিয়ান

ধরে নিচ্ছি আপনি প্রতিদিন অফিসে যাতায়াত বা অন্যান্য কাজ মিলিয়ে গড়ে ৪০ কিলোমিটার বাইক চালান। শহরে জ্যামের মধ্যে সাধারণ একটা কমিউটার বাইক লিটারে গড়ে ৪০ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ দেয়। অর্থাৎ প্রতিদিন আপনার প্রায় এক লিটার তেল লাগছে। বর্তমানে এক লিটার পেট্রোলের দাম ১৩০ টাকার আশেপাশে। সেই হিসাবে মাসে ৩০ দিনে শুধু তেলের পেছনেই আপনার খরচ হচ্ছে প্রায় ৩৯০০ টাকা। এর সাথে প্রতি মাসে বা কিছু দিন পর পর ইঞ্জিন অয়েল বদলানোর একটা ব্যাপার থাকে। সব মিলিয়ে তেলের বাইকে আপনার মাসিক যাতায়াত খরচ অনায়াসেই ৪৫০০ টাকার ওপরে চলে যায়।


ইলেকট্রিক বাইকের মাসিক খরচের খতিয়ান

এবার আসি ইলেকট্রিক বাইকের হিসাবে। একই ভাবে আপনি যদি প্রতিদিন ৪০ কিলোমিটার বাইক চালান তবে একটি সাধারণ ইলেকট্রিক বাইক চার্জ করতে আপনার প্রতিদিন সর্বোচ্চ এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে। আবাসিক এলাকার বিদ্যুতের বিল যদি প্রতি ইউনিট আট টাকাও ধরি তবে আপনার প্রতিদিনের যাতায়াত খরচ দাঁড়াচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকা। পুরো এক মাসের হিসাব করলে বিদ্যুৎ বিল আসবে খুব জোর ৩০০ থেকে ৪০০ টাকা। আর ইলেকট্রিক বাইকে কোনো ইঞ্জিন নেই তাই মবিল পাল্টানো বা এয়ার ফিল্টার পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই। এর রক্ষণাবেক্ষণ খরচ একদমই নামমাত্র।


মাস শেষে আপনার পকেটে থাকছে কত

হিসাবটা একদম আপনার চোখের সামনে পরিষ্কার। যেখানে তেলের বাইকে আপনার মাসে ৪৫০০ টাকার মতো খরচ হচ্ছে সেখানে ইলেকট্রিক বাইকে সেই একই দূরত্বের জন্য আপনার খরচ হচ্ছে মাত্র ৪০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনি অনায়াসেই চার হাজার টাকার বেশি বাঁচাতে পারছেন। এই টাকাটা এক বছরে গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজার টাকায়। আপনি যদি ডেলিভারি বা রাইড শেয়ারিং এর মতো কাজ করেন তবে আপনার প্রতিদিনের যাতায়াত আরও বেশি হবে এবং সেক্ষেত্রে আপনার জমানো টাকার পরিমাণটাও অনেক বেড়ে যাবে।


নতুন করে যারা বাইক কেনার কথা ভাবছেন তাদের জন্য এই হিসাবটা একটা বড় চিন্তার বিষয় হতে পারে। প্রাথমিক অবস্থায় ইলেকট্রিক বাইক কিনতে হয়তো তেলের বাইকের সমান টাকা লাগতে পারে। কিন্তু কেনার পর প্রতি মাসের যাতায়াত খরচ আপনার পকেটের ওপর যে বিশাল একটা স্বস্তি দেবে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই নিজের প্রয়োজন আর পকেটের অবস্থা বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।