মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহার - সুবিধা এবং অসুবিধা
This page was last updated on 01-Jun-2026 08:58am , By Saleh Bangla
মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ইন্সটল করা মোটরসাইকেল ফ্রিকদের মধ্যে বেশ জনপ্রিয় একটি মডিফিকেশন। এটি মোটরসাইকেলের পারফর্মেন্স যেমন কিছুটা বাড়ায় তেমনি এরসাথে অন্যান্য বেশকিছু সুবিধা অসুবিধাও রয়েছে। সুতরাং কোন মোটরসাইকেলের ফ্যাক্টরী-স্টক একজষ্ট বদলে আফটারমার্কেট একজষ্ট ব্যবহারের আগে এই দিকগুলি অবশ্যই বিবেচনায় রাখা উচিৎ। চলুন তবে আজ মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহার এবং তার সুবিধা ও অসুবিধাগুলি জেনে নেই।


মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম
বেশিরভাগ মোটরসাইকেল রাইডারই চান তার মোটরসাইকেলটি যেন দেখতে আকর্ষনীয় দেখায় আর টপ-পারফর্মিং কন্ডিশনে থাকে। আবার অনেক রাইডারই চান তার মোটরসাইকেলের পারফর্মেন্স আপগ্রেড করতে। এধরণের ক্ষেত্রে মোটরসাইকেলের স্টক একজষ্ট সিস্টেম বদলে আফটারমার্কেট পারফরম্যান্স একজষ্ট সিস্টেম ইন্সটল করা বেশ সহজ ধরণের একটি পারফর্মেন্স আপগ্রেড যেটি দেখতেও বেশ চমৎকার লাগে। তবে এই মডিফিকেশেনের বেশকিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, আর সেগুলিই আজ আমরা এখানে তুলে ধরেছি।
মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহারের সুবিধা
মোটরসাইকেলের পারফর্মেন্স বাড়ায়
কোন মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ইন্সটল করার অন্যতম মূল আকর্ষনীয় দিক হলো সেটি মোটরসাইকেলের সামগ্রিক পারফর্মেন্স বেশখানিকটা বাড়ায়। ভালোভাবে ডিজাইন করা একটি আফটারমার্কেট এক্সজস্ট মোটরসাইকেল ইঞ্জিনের একজস্ট ব্যাকপ্রেশার কমিয়ে একজষ্ট গ্যাসের অবাধ প্রবাহ নিশ্চিত করে। এভাবে ইঞ্জিনের হর্সপাওয়ার এবং টর্ক ডেলিভারি কিছুটা বেড়ে যায়, আর সেইসাথে বেশ ভালো থ্রোটল রেসপন্সও পাওয়া যায়। আর কুইক এক্সিলারেশন ও চমৎকার টপএন্ড রেপন্সের কারনে রাইডগুলি আরো উপভোগ্য হয়ে ওঠে।
সার্বিক ওজন কমায়
মোটরসাইকেলের স্টক একজষ্ট সিস্টেম সাধারণত ওজনে বেশ ভারি হয়ে থাকে। কেননা, স্টক একজষ্টগুলিকে ডিজাইন, কন্সট্রাকশন, ম্যাটেরিয়াল বাছাই, প্রভৃতিতে নির্দিষ্ট অটোমোটিভ রেগুলেশনের ভেতরে থাকতে হয় এবং খরচ সাশ্রয়ীও হতে হয়। অপরদিকে, আফটারমার্কেট একজষ্টগুলি সাধারণত টাইটানিয়াম, কার্বন ফাইবার বা অ্যালুমিনিয়ামের মতো প্রিমিয়াম ম্যাটেরিয়াল থেকে তৈরী। আর এসব একজষ্ট কেবলমাত্র পারফর্মেন্সের উপর ফোকাস করেই ডিজাইন করা হয়। তাই, এগুলো ওজনে যথেষ্ট হালকা, যা সার্বিকভাবে ওজন কমিয়ে মোটরসাইকেলের সামগ্রিক পারফর্মেনন্সের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলে।
একজষ্ট সাউন্ড উন্নত করে
মোটরসাইকেলের ইঞ্জিন এবং একজষ্টের শব্দ সমগ্র রাইডিং এক্সপেরিয়েন্সের উল্লেখযোগ্য একটি অংশ। আফটারমার্কেট একজষ্টগুলি বেশ ভারী ও জোড়ালো একজষ্ট নোট সৃস্টি করতে পারে, যা অনেক রাইডারের কাছেই স্টক একজষ্টের চাপা নোটের চেয়ে বেশি ভালো লাগে। তাই অনেক রাইডারই কেবলমাত্র একজষ্ট নোট ইমপ্রুভ করা জন্য তাদের মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহার করেন।

ফুয়েল এফিশিয়েন্সি বাড়ায়
সঠিকভাবে ডিজাইন করা কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেম স্ট্যান্ডার্ড রাইডিং কন্ডিশনে একটি মোটরসাইকেলের ফুয়েল-এফিশিয়েন্সি যথেষ্ট পরিমানে বাড়াতে পারে। ফলে মধ্য আরপিএম কন্ডিশনে রাইডে ফুয়েল ইকোনমি বেড়ে যায়। কেননা, সঠিকভাবে ডিজাইন করা একটি আফটারমার্কেট একজষ্ট সিষ্টেম একজষ্ট গ্যাস প্রবাহকে বাধামুক্ত করে ইঞ্জিনের ব্যাকপ্রেশার কমায় এবং ইনটেক এফিশিয়েন্সি বাড়ায়। এইভাবে, ইঞ্জিন ব্রিদিং বাধামুক্ত হয়ে স্ট্যান্ডার্ড রাইডিং কন্ডিশনে ভালো ফুয়েল-এফিশিয়েন্সি নিশ্চিত হয়।
ষ্টাইলিং ফিচার বাড়ায়
মোটরসাইকেলের আফটারমার্কেট একজষ্ট সিস্টেমগুলি সাধারণত বিভিন্ন ধরণের আকর্ষনীয় ডিজাইন, ফিনিশ, এবং ফিচারে পাওয়া যায়। ফলে রাইডাররা পছন্দ, রুচি, ও প্রয়োজন অনুযায়ী তাদের মোটরসাইকেলের পারফর্মেন্স বাড়ানোর সাথে সাথে লুকটাও কাস্টমাইজ করে নিতে পারেন। আর এরসাথে মোটরসাইকেলের স্পোর্টি সাউন্ড এনহান্সমেন্টতো আছেই।

মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহারের অসুবিধা
লিগ্যাল রেগুলেশন জনিত সমস্যা
মোটরসাইকেলের আফটারমার্কেট একজষ্ট সিস্টেমগুলির একটি প্রধান অসুবিধাজনক দিক হলো সেগুলি যথেষ্ট উচ্চশব্দ সৃষ্টি করে এবং প্রায়ই প্রস্তাবিত মাত্রার বেশি ইমিশন নির্গমন করে। ফলে বিশ্বের অনেক স্থানেই মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট মডিফিকেশন আইনত অবৈধ। ফলে সেসব স্থানে মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ইন্সটল করা হলে জরিমানা গুনতে হতে পারে।
ওয়্যারেন্টি জনিত সমস্যা
মোটরসাইকেল ম্যানুফ্যাকচারারা নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড ও রেগুলেশনের সাপেক্ষে তাদের স্ট্যান্ডার্ড একজষ্ট সিস্টেম তৈরী করেন ও সেটির সাথেই তাদের মোটরসাইকেল ডিজাইন, টেষ্ট, ও কোয়ালিফাই করেন। ফলে স্ট্যান্ডার্ড একজষ্ট সেটআপের সাথেই একটি মোটরসাইকেলের অফিসিয়াল ওয়ারেন্টির বিষয়টি যুক্ত থাকে। তাই কোনো মোটরসাইকেলে ফ্যাক্টরি-স্টক একজষ্ট সিষ্টেম বদলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ইন্সটল করা হলে স্বাভাবিকভাবেই মোটরসাইকেলের ওয়ারেন্টি বাতিল হয়ে যায়।
ইঞ্জিনের সম্ভাব্য ক্ষতি
আফটারমার্কেট একজষ্টগুলি গঠনগতভাবেই একজষ্ট গ্যাসের ব্যাকপ্রেশার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং ইঞ্জিন থেকে একজষ্ট গ্যাস অবাধে প্রবাহিত হতে দেয়। ফলে ইঞ্জিনের ব্রিদিং পারফর্মেন্স বেড়ে যায় এবং কম্বাশ্চন চেম্বার সংশ্লিষ্ট বিভিন্ন অংশ তথা একজষ্ট ভালভ এবং অন্যান্য সম্পর্কিত অংশগুলি অবাধে এবং আরো দ্রুত কাজ করে। ফলে এসবে কিছুটা বাড়তি চাপ পড়ে।
অধিকন্তু, আফটারমার্কেট একজষ্টের ভুল ইনস্টলেশন, অনুপযুক্ত টিউনিং, বা বেমানান ডিজাইন নানাভাবে মোটরসাইকেল ইঞ্জিনের ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে। আর এটিও সত্যি যে, আফটারমার্কেট একজষ্টগুলি মূলত: পারফর্মেন্সের জন্যই ডিজাইন করা হয়, ইঞ্জিনের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য নয়। সুতরাং এখানে ইঞ্জিনের স্থায়িত্বের সাথে অবশ্যই আপস করা হয়।
বর্ধিত শব্দ এবং ইমিশন
মোটরসাইকেলের আফটারমার্কেট একজষ্ট সিস্টেমগুলি সাধারণত ফ্যাক্টরি-স্টক সেটআপের তুলনায় অনেক বেশি জোরালো শব্দ তৈরী করে। হয়তো কিছু রাইডারদের কাছে এই শব্দ বেশ ভালো লাগতে পারে। কিন্তু সাধারণভাবে এটি অন্য সকলের জন্য বেশ অসুবিধাজনক ও বিরক্তিকর, যা মারাত্নক শব্দদূষণ হিসেবে বিবেচিত। আর এছাড়াও আফটারমার্কেট একজষ্টের ইমিশন লেভেল স্টক একজষ্ট সিস্টেমের তুলনায় অনেকটাই বেশি। তাই এসব তেমন পরিবেশবান্ধব নয়।
ইঞ্জিন টিউনিং এর উপর প্রভাব
আফটারমার্কেট একজষ্ট ইন্সটলেশন বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেল ইঞ্জিনের এয়ার-ফুয়েল রেশিওতে একরকম প্রভাব ফেলে। তাই একজষ্ট ইন্সটলেশনের পর মসৃণ ইঞ্জিন অপারেশন ও সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে কিছু বাড়তি মডিফিকেশন প্রয়োজন হতে পারে। সেইসাথে সমগ্র সেটআপ টিউন করার জন্যও পেশাদার সহায়তার প্রয়োজন হতে পারে।
বাড়তি ও অযৌক্তিক ব্যয়
একটি কোয়ালিটি আফটারমার্কেট একজষ্ট সিস্টেম সবসময়ই যথেষ্ট দামি একটি জিনিষ। অধিকন্তু, আফটারমার্কেট একজষ্ট সিস্টেমে একটি মোটরসাইকেলকে আপগ্রেড করতে ইসিইউ বা ইনটেক সিস্টেম আপগ্রেড, ইন্সটলেশন, অ্যাডজাস্টমেন্ট, মডিফিকেশন, টিউনিং এবং সহায়ক পার্টসের জন্যও প্রচুর অর্থ ব্যায় হয়। অন্যদিকে, সস্তা একজষ্ট সিস্টেম ব্যবহারে পরবর্তিতে অন্যান্য ক্ষতি পুনরুদ্ধারেও ব্যায় হতে পারে। ফলে আফটারমার্কেট একজষ্ট ইনস্টলেশন স্পষ্টতই যথেষ্ট পরিমান অর্থ ব্যয়ের সাথে সম্পর্কিত।
তো এই ছিলো মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহারের বিভিন্ন সুবিধা ও অসুবিধার সাধারণ আলোচনা। সুতরাং, মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহারে পারফর্মেন্স বাড়ানো, ওজন হ্রাস, শব্দের মান বাড়ানো, বা স্টাইল বৃদ্ধির মতো বিভিন্ন সুবিধা যেমন রয়েছে, তেমনি এটির বেশ কিছু ত্রুটিও রয়েছে, যা উপেক্ষা করা যায় না। আর প্রায়শই অনেক দেশেই এটি ব্যবহার অবৈধ। তাই কোনো মোটরসাইকেলে আফটারমার্কেট একজষ্ট সিস্টেম ব্যবহারের আগে এইসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।