পুরোনো ইলেকট্রিক বাইক কেনার আগে কী কী দেখবেন?
This page was last updated on 13-Apr-2026 03:08pm , By Rafi Kabir
তেলের দাম বাড়ার কারণে অনেকেই এখন ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন। নতুন বাইকের বাজেট না থাকলে অনেকেই পুরোনো বাইক কেনার কথা ভাবেন। কিন্তু পুরোনো ইলেকট্রিক বাইক কেনা কি সাধারণ তেলের বাইক কেনার মতোই সোজা ব্যাপার। একদমই না। কিছু বিষয় ভালোভাবে না দেখলে লাভের চেয়ে লোকসানই বেশি হতে পারে। চলুন জেনে নিই পুরোনো ইলেকট্রিক বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে চেক করে নেওয়া উচিত।

সবচেয়ে দামি অংশ ব্যাটারি
ইলেকট্রিক বাইকের প্রাণ হলো এর ব্যাটারি আর এটাই বাইকের সবচেয়ে দামি পার্টস। কেনার আগে অবশ্যই জেনে নেবেন ব্যাটারিটি লিড এসিড নাকি লিথিয়াম আয়ন। লিথিয়াম আয়ন ব্যাটারি হলে ভালো কারণ এগুলো সহজে নষ্ট হয় না। বিক্রেতার কাছে পরিষ্কারভাবে জানতে চাইবেন একবার ফুল চার্জ হতে কত সময় লাগে এবং কত কিলোমিটার মাইলেজ দেয়। ব্যাটারির বয়স এক বা দেড় বছরের বেশি হলে একটু ভেবেচিন্তে পা বাড়ানোই ভালো কারণ কিছুদিন পর ব্যাটারি পাল্টানোর একটা বড় খরচ আপনার ঘাড়ে আসতে পারে।
মোটরের পারফরম্যান্স ও সাউন্ড

ব্যাটারির পরেই আসে মোটরের কথা। হাব মোটর ঠিকমতো কাজ করছে কি না তা বুঝতে বাইকটি চালিয়ে দেখা খুব জরুরি। চালানোর সময় মোটরে কোনো খটখট বা গোঁ গোঁ শব্দ হচ্ছে কি না খেয়াল করুন। অনেক সময় জমানো পানিতে বাইক চালানোর কারণে মোটরে পানি ঢুকে জং ধরে যায়। তাই মোটরের বাইরের অংশে কোনো ড্যামেজ বা ক্ষয় আছে কি না তা ভালোভাবে দেখে নিন। পিকআপ দিলে বাইকটি কাঙ্ক্ষিত গতিতে টানতে পারছে কি না সেটাও খেয়াল রাখবেন।
কন্ট্রোলার এবং তারের জয়েন্ট
ইলেকট্রিক বাইকের আসল মাথা হলো এর কন্ট্রোলার। বাইকের ডিসপ্লে মিটার হেডলাইট আর ইন্ডিকেটর ঠিকমতো কাজ করছে কি না তা খুব মনোযোগ দিয়ে চেক করুন। সিটের নিচে বা বডির ভেতরের তারের জয়েন্টগুলোতে কোনো পোড়া দাগ বা বাড়তি টেপ প্যাঁচানো থাকলে বুঝতে হবে সেখানে আগে কোনো সমস্যা বা শর্ট সার্কিট হয়েছিল। এসব ছোটখাটো ইলেকট্রিক সমস্যা পরে অনেক বড় ভোগান্তির কারণ হতে পারে।
বডি পার্টস ব্রেক এবং সাসপেনশন
বাইকটি এর আগে কোনো বড় দুর্ঘটনার শিকার হয়েছিল কি না তা বডি এবং চেসিস দেখলেই অনেকটা বোঝা যায়। প্লাস্টিকের বডি পার্টস ভাঙা থাকলে সেগুলো বদলাতে বেশ ভালোই টাকা লাগে। এছাড়া চাকা ঠিকমতো ঘোরে কি না ব্রেক ধরলে বাইক কাঁপে কি না এবং উঁচু নিচু রাস্তায় সাসপেনশন ঠিকঠাক কাজ করছে কি না এসব বিষয় নিজে চালিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত।
সবশেষে একটা কথাই বলব পুরোনো ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। দাম যতই কম হোক না কেন ব্যাটারি আর মোটর ঠিক না থাকলে সেই বাইক কেনা বোকামি। সবচেয়ে ভালো হয় যদি কেনার সময় একজন অভিজ্ঞ মেকানিক সাথে নিয়ে যান। এতে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এবং নিশ্চিন্তে বাইকটি কিনতে পারবেন।