পানিতে ভিজলে ইলেকট্রিক বাইকের কী হয়?

This page was last updated on 13-Apr-2026 11:33am , By Rafi Kabir

ছোটবেলা থেকেই আমরা জানি কারেন্ট আর পানির সম্পর্ক একদম আদায়-কাঁচকলায়। তাই ইলেকট্রিক বাইক বা ই-বাইক কেনার পর অনেকেই ভয়ে থাকেন যে হঠাৎ বৃষ্টি এলে বা রাস্তায় পানি জমলে বাইকের কী হবে। আসলেই কি পানিতে ভিজলে বাইক নষ্ট হয়ে যায় নাকি পুরোটাই আমাদের মনের ভুল। আজ এই বিষয়টা নিয়ে একদম সহজ ভাষায় কিছু কথা বলব যাতে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যায়।


হালকা বৃষ্টিতে ভয়ের কিছু নেই

অনেকেই ভাবেন দুই ফোঁটা বৃষ্টি পড়লেই বুঝি বাইকের বারোটা বেজে যাবে। বিষয়টা মোটেও এমন নয়। এখনকার প্রায় সব ভালো কোম্পানির ই-বাইকগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো হালকা বা মাঝারি বৃষ্টি খুব সহজেই সামলে নিতে পারে। এগুলোর ব্যাটারি আর মোটরকে বেশ ভালোভাবে ওয়াটারপ্রুফিং বা সিল করা থাকে। তাই রাস্তায় চলার সময় হঠাৎ বৃষ্টি নামলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনার বাইক আপনাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেবে।


আসল বিপদ জমানো পানিতে

বিপত্তিটা বাধে যখন রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। বর্ষাকালে আমাদের শহরের অনেক রাস্তাতেই এমনটা দেখা যায়। আপনার বাইকের চাকার অর্ধেক বা তার বেশি যদি জমানো পানির নিচে তলিয়ে যায় তবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চাকার সাথেই হাব মোটর থাকে আর এটি বেশিক্ষণ জমানো পানির নিচে থাকলে এর ভেতরের সিলিং ভেদ করে পানি ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে।


পানি ঢুকলে আসল ক্ষতিটা কোথায় হয়

গভীর পানিতে বাইক ডোবালে সবচেয়ে বড় ক্ষতি হয় মোটরের। ভেতরে পানি ঢুকলে মোটরের কয়েল পুড়ে যেতে পারে বা জং ধরে পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া বাইকের নিচে থাকা ব্যাটারি বক্সে পানি ঢুকে গেলে শর্টসার্কিট হওয়ার বড় একটা ভয় থাকে। আর একবার ব্যাটারি শর্টসার্কিট হয়ে গেলে সেটা ঠিক করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং পকেটেরও বেশ ভালোই ক্ষতি হয়। ডিসপ্লে বা তারের জয়েন্টগুলোতেও পানি ঢুকে গেলে বাইকের সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে।


ভিজে যাওয়ার পর কী করা উচিত

কোনো কারণে যদি বাইক বৃষ্টিতে প্রচুর ভিজে যায় তবে বাসায় ফিরে প্রথমেই একটি শুকনো সুতির কাপড় দিয়ে পুরো বাইক ভালো করে মুছে ফেলবেন। বিশেষ করে ব্যাটারির অংশ আর সামনের ডিসপ্লেটা সাবধানে শুকিয়ে নেওয়া খুব জরুরি। আর ভেজা বাইক সাথে সাথে চার্জে বসানো একদমই উচিত নয়। বাইক সম্পূর্ণ না শুকানো পর্যন্ত চার্জিং পোর্টে ভুলেও প্লাগ লাগাবেন না।


মোটকথা হলো ইলেকট্রিক বাইক কোনো সাবমেরিন নয় যে জমানো পানির ভেতর দিয়ে দিব্যি চলে যাবে। সাধারণ বৃষ্টিতে ভিজলে এর তেমন কোনো ক্ষতি হয় না ঠিকই কিন্তু জলাবদ্ধতা বা গভীর পানি থেকে বাইকটিকে সবসময় দূরে রাখতে হবে। একটু সতর্ক থেকে চালালে বর্ষাকালেও আপনার ই-বাইক আপনাকে খুব ভালো সার্ভিস দেবে।