ইলেকট্রিক বাইকের জন্য প্রয়োজনীয় এক্সেসরিজ
This page was last updated on 18-Apr-2026 02:14pm , By Rafi Kabir
ইলেকট্রিক বাইক কেনার পর আমাদের আনন্দ যেন আর ধরে না। ভাবি যে এখন শুধু চার্জ দেবো আর শোঁ শোঁ করে ঘুরে বেড়াবো। কিন্তু রাস্তায় যখন বাইকটা নিয়ে বের হবেন তখন বুঝতে পারবেন যে শুধু বাইক থাকলেই হয় না এর সাথে কিছু ছোটখাটো এক্সেসরিজ বা জিনিসপত্র থাকা কতটুকু জরুরি। এই জিনিসগুলো আপনার রাইডিং অভিজ্ঞতাকে যেমন সহজ করবে তেমনি আপনার শখের বাইকটিকেও অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচিয়ে দেবে।

চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ই-বাইকের জন্য আসলে কোন কোন জিনিসগুলো সাথে রাখা দরকার।
ভালো মানের হেলমেট সবার আগে
তেলের বাইক হোক বা ইলেকট্রিক বাইক রাস্তায় বের হলে হেলমেট মাস্ট। অনেকে মনে করেন ই-বাইক তো খুব বেশি স্পিডে চলে না তাই সাধারণ একটা ক্যাপ হেলমেট পরলেই হবে। এটা একদম ভুল ধারণা। দুর্ঘটনা যেকোনো সময় হতে পারে তাই নিজের নিরাপত্তার জন্য সবসময় ফুল ফেস বা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন।

পোর্টেবল এয়ার পাম্প বা হাওয়া দেওয়ার মেশিন
ইলেকট্রিক বাইকের মাইলেজ অনেকটা নির্ভর করে চাকার হাওয়ার ওপর। চাকার হাওয়া কমে গেলে মোটরের ওপর যেমন চাপ পড়ে তেমনি ব্যাটারিও দ্রুত শেষ হয়। এখন বাজারে ছোট পোর্টেবল ডিজিটাল এয়ার পাম্প পাওয়া যায় যা আপনি বাইকের স্টোরেজ বক্সে অনায়াসেই রাখতে পারেন। মাঝরাস্তায় টায়ারের হাওয়া কমে গেলে তখন আর আপনাকে মেকানিকের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না।
সিকিউরিটি অ্যালার্ম এবং ডিস্ক লক
ই-বাইক সাধারণত তেলের বাইকের তুলনায় ওজনে হালকা হয় তাই এগুলো চুরি হওয়ার ঝুঁকি একটু বেশি। বাইকের নিরাপত্তার জন্য ভালো মানের একটা অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম লাগিয়ে নিতে পারেন। কেউ বাইক ধরলে বা নাড়াচাড়া করলে জোরে শব্দ হবে যা চোরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া চাকা লক করে রাখার জন্য মজবুত একটি ডিস্ক লক সাথে রাখা খুব জরুরি।
রেইনকোট বা বাইক কভার
আমাদের দেশ বর্ষাপ্রধান এলাকা আর ইলেকট্রিক বাইকের সবচেয়ে বড় শত্রু হলো পানি। হুটহাট বৃষ্টি শুরু হলে রাইডার যেমন ভিজে যায় তেমনি বাইকের ইলেকট্রিক পার্টসগুলোও ঝুঁকির মুখে পড়ে। তাই নিজের জন্য একটা ভালো রেইনকোট এবং বাইকের জন্য একটা ওয়াটারপ্রুফ কভার সাথে রাখুন। কোথাও বাইক পার্ক করে রাখলে কভার দিয়ে ঢেকে রাখলে রোদ আর বৃষ্টি থেকে বাইকের কালার আর ব্যাটারি সুরক্ষিত থাকে।
মোবাইল হোল্ডার এবং চার্জার
ইলেকট্রিক বাইকে সাধারণত ব্যাটারি থেকে সরাসরি মোবাইল চার্জ দেওয়ার সুবিধা থাকে। আপনি যদি ম্যাপ দেখে নতুন কোনো জায়গায় যেতে চান তবে একটা মজবুত মোবাইল হোল্ডার লাগিয়ে নেওয়া ভালো। তবে মনে রাখবেন ভালো মানের হোল্ডার না কিনলে রাস্তার ঝাকুনিতে ফোন পড়ে যাওয়ার ভয় থাকে।
সিট কভার এবং গ্রিপ কভার
ই-বাইকের সিটগুলো অনেক সময় বেশ নরম হয় যা দীর্ঘ সময় চালালে নষ্ট হয়ে যেতে পারে। একটা ভালো ফেব্রিকের সিট কভার ব্যবহার করলে রোদ থেকে সিট গরম হবে না আর আরামও পাবেন। তেমনি হ্যান্ডেল গ্রিপে রাবারের বাড়তি কভার লাগালে দীর্ঘক্ষণ রাইড করার সময় হাতে ব্যথা হবে না।
সবশেষে বলবো এই এক্সেসরিজগুলো আপনার বাইক চালানোর আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। শুরুতে হয়তো মনে হতে পারে যে অনেক বাড়তি খরচ হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করলে এগুলো আপনার বাইকের স্থায়িত্ব অনেক বাড়াবে।