ঈদে বাড়ি ফেরা বাইকারদের জন্য বিশেষ সার্ভিস ক্যাম্প নিয়ে এলো রয়েল এনফিল্ড বাংলাদেশ
This page was last updated on 24-May-2026 12:23pm , By Arif Raihan Opu
ঈদযাত্রায় মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রয়েল এনফিল্ড বাংলাদেশ। আসন্ন ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে তিন দিনব্যাপী “হাইওয়ে সার্ভিস ক্যাম্প” আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।


রয়েল এনফিল্ড হাইওয়ে ঈদ সার্ভিস ক্যাম্প
রয়েল এনফিল্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঈদের সময় যারা মোটরসাইকেলে বাড়ি ফিরবেন, তাদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রয়েল এনফিল্ড নয়, সব ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীরাই এই সেবা নিতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি মহাসড়ক এলাকায় সার্ভিস ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে মোটরসাইকেলের ফ্রি চেকআপ, প্রাথমিক সার্ভিস সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট এবং জরুরি সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
দীর্ঘপথে যাত্রার আগে কিংবা পথে যেকোনো ছোটখাটো সমস্যার সমাধানে রাইডাররা এই সেবা নিতে পারবেন।

রয়েল এনফিল্ড বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, “This Eid, every journey deserves peace of mind.” অর্থাৎ, এবারের ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করতেই এই আয়োজন।
সাম্প্রতিক সময়ে দেশে মোটরসাইকেলে ঈদযাত্রার প্রবণতা বাড়ছে। বিশেষ করে মহাসড়কে অতিরিক্ত যানজট এড়াতে অনেকেই বাইক ব্যবহার করছেন। সেই বাস্তবতায় মোটরসাইকেল কোম্পানি গুলো এখন শুধু মোটরসাইকেল বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং রাইডারদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
রয়েল এনফিল্ড বাংলাদেশের এই হাইওয়ে সার্ভিস ক্যাম্পও তেমনই একটি উদ্যোগ, যা ঈদে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের জন্য বাড়তি স্বস্তি এনে দিতে পারে।
যেসব জায়গাতে সার্ভিস ক্যাম্প গুলো হচ্ছে -
১. আমিন বাজার, সাভার
২. কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা
৩. ঢাকা সিলেট হাইওয়ে, নরসিংদী
৪. উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৫. ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে, পাচ্চর